ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেল মেঘনা এক্সপ্রেস

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে একটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে লাকসাম জংশনে এসে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে নির্ধারিত সময় থেকে বিলম্বে ছেড়ে যায় ট্রেনটি।

জানা গেছে, লাইনচ্যুত হওয়া ট্রেনটি মেঘনা এক্সপ্রেস। এটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। ৬টা ৪০ মিনিটে লাকসাম জংশনে প্রবেশ করে। ২০ মিনিট বিরতির পর ট্রেনটি লাকসাম থেকে সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে আবারো ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিন লাইনচ্যুতির কারণে প্রায় আড়াই ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন ব্যবহার করে মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেওয়া যাত্রীরা।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশনমাস্টার মাহবুবুর রহমান জানান, মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। লাকসামে পৌঁছানোর পর ট্রেনের ইঞ্জিন চট্টগ্রামমুখী করতে পকেট লাইনে শান্টিং করতে গেলে সবগুলো চাকাই লাইনচ্যুত হয়ে যায়। এতে ইঞ্জিনটি পকেট লাইন পার হয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে যায়। সকাল ৬টা ৪৮ মিনিটে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। যার কারণে প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে মেঘনা এক্সপ্রেস সাড়ে নয়টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।