ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে আহত ২৫

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক দুটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে ও শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের নজর আলী মোল্লা (৪৫) এর সাথে তার চাচাতো ভাই কবির মোল্লা(৪৫) এর জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার (২১ ডিসেম্বর) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এলাকার কয়েকশত লোক ঢাল, সড়কি, রামদা, লাঠিসহ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে অংশগ্রহণ করে। সংঘর্ষে দুই পক্ষের  কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই পক্ষের ১২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সংঘর্ষে আহত হয়ে  ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন ভর্তি হয়েছে।  এরা হলেন কবির মোল্লার পক্ষের সোহেল মোল্লা (৩৫), জালাল মোল্লা (৫৬), আকলিমা বেগম (৩৫), বিপ্লব মোল্লা (১৮), মতি মোল্লা (৩৫), আজিজুল মোল্লা (৬০) ও নজর আলী মোল্লার পক্ষের বাবু শেখ (২৫), হেলেনা বেগম (৩২), আবির শেখ (১৪), নজর আলী মোল্লা (৪৫), মহেদ আলী (৩৫), হেলেনা (৩৪)।

চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেক মোল্লা বলেন, জমি নিয়ে নজর আলী মোল্লা ও তার চাচাতো ভাই কবির মোল্লার মধ্যে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার ও শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে।

অপরদিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার বিকাল ৪ টার দিকে শুরু হয়ে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন বাচ্চু মোল্লা (৪০), সানু বেগম (৬০), মোহাম্মদ মোল্লা (৭০), রব মোল্লা (৭৫) ও আলী মোল্লা (৭০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভুলু মোল্লা ( ৭০) ও রব মোল্লার (৭৫) মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অতীতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ শনিবার (২১ ডিসেম্বর) বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

আলগী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদ মুন্সী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ভুলু মোল্লা ও রব মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি দুই স্থানেই পুলিশের নিয়ন্ত্রণে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।