রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলরত সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লংগদু উপজেলাধীন কিসিংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা। এছাড়া লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ চাকমা বলেন, ‘আমার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’
এদিকে ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, নিহত ব্যক্তি তাদের কর্মী নন। তার সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোলাগুলিতে একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’