পেঁয়াজের দাম পাওয়ায় এবার ঝিনাইদহের শৈলকুপা রেকর্ড পরিমাণ জমিতে পিয়াজের আবাদ করা হয়েছে। এ বছরে গ্রীষ্মকালীন পিয়াজে লাভবান হওয়ায় চাষিরা শীতকালীন পিয়াজ চাষে ঝুঁকে পড়েছেন। ভালো দামের আশায় এবার অধিক জমিতে পিয়াজ চাষ করা হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। চাষিরা বর্তমানে পিয়াজ লাগানো ও ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলায় শীতকালীন পিয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। কিন্তু এ পর্যন্ত রোপণ করা হয়েছে ১২ হাজার হেক্টর জমিতে। কিন্তু চাষি ও চারা ব্যবসায়ীদের হিসাবে ১৪ হাজার হেক্টর জমিতে পিয়াজ চাষ ছাড়িয়ে যাবে। এ বছর দেড়গুণের বেশি জমিতে পিয়াজের চারা রোপণ করায় পিয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়–ড়িয়া গ্রামের চাষি মিন্টু বিশ্বাস জানান, গত মৌসুমে তিনি ৮ বিঘা জমিতে পিয়াজের আবাদ করেছিল। দামও ভালো পেয়েছিলেন। এবারও ভাল দাম পাওয়ায় আশায় ও আবহাওয়া অনুকূলে থাকায় তিনি ১১ বিঘা জমিতে পিয়াজের আবাদ করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিঘা জমিতে ২৫ হাজার টাকা খরচ হবে। বিঘা প্রতি ৫০ থেকে ৮০ মণ ফলন হবে বলে আশা করছেন। খরচ- খরচা বাদ দিয়ে বিঘা প্রতি লাভ হবে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা।
একই গ্রামের কৃষক সোহেল বিশ্বাস, লিটন মোল্লা ও মিন্টু মোল্লা জানান, তারা এ জমিতে গ্রীষ্মকালীন মুড়িকাটা পিয়াজ চাষ করেছিলেন। বিঘাপ্রতি ৫০-৬০ হাজার টাকা লাভ হয়েছে। তারা একই জমিতে শীতকালীন পিয়াজের চারা রোপণ করেছেন। শীতকালীন এ পিয়াজের চারা রোপণ করতে বিঘাপ্রতি খরচ ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। পিয়াজ ওঠা পর্যন্ত আরও ১০-১২ হাজার টাকা খরচ হতে পারে। সব ঠিক থাকলে বিঘাপ্রতি ৫০-৮০ মণ ফলন হবে, যার বাজারমূল্য কমপক্ষে ১ লাখ টাকা। খুব কম সময়ের মধ্যে একই জমিতে আবার ৬০-৭০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন তারা।
শৈলকুপা উপজেলার লাঙলবাঁধ বাজারে পেঁয়াজের চারা হাটে কয়েকজন কৃষক জানান, এবার গ্রীষ্মকালীন পিয়াজের ফলন ভালো হয়েছে ও পিয়াজের দাম বেশি হওয়ায় তারা ধান ও সরিষার পরিবর্তে পিয়াজের চারা রোপণ করছেন।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার শৈলকুপায় পিৃয়াজ চাষ লক্ষ্যমাত্রার চেয়ে দেড়গুণ ছাড়িয়ে যাবে বলে মনে করেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন পারামর্শ দেওয়া হচ্ছে।