ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড

রাশিয়ার সারাটাভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলায় এঙ্গেলস শহরে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। বুধবার স্থানীয় গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।

এ অঞ্চলে রুশ বাহিনীর কৌশলগত বোমারু বিমানের একটি বড় ঘাঁটি রয়েছে, যা রাশিয়ার পারমাণবিক বাহিনীর অংশ। এটি আগেও ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে, সর্বশেষ মঙ্গলবার রাতে চালানো ড্রোন হামলায় ওই ঘাঁটি লক্ষ্য করা হয়েছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি গভর্নর।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় তেলের ডিপোতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে ধোঁয়ার কুণ্ডলী ও জ্বলন্ত আগুনের দৃশ্য দেখা গেছে।

টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন জানিয়েছেন, সারাটাভ ও এঙ্গেলস শহর একাধিক ড্রোন হামলার শিকার হয়েছে। এতে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সারাটাভ অঞ্চলে ১১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, পাশাপাশি অন্যান্য অঞ্চলেও ২১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে, বিবৃতিতে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এঙ্গেলস বিমান ঘাঁটি মস্কো থেকে প্রায় ৭৩০ কিলোমিটার (৪৫০ মাইল) দক্ষিণ-পূর্বে এবং ইউক্রেনীয় সীমান্ত থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ডিসেম্বরে, এখানে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার সময় রাশিয়ান বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়।

এছাড়া, অ্যাস্ট্রার খবর জানিয়েছে, যে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটি বিমানঘাঁটির জন্য জ্বালানি সরবরাহ করত। তবে তাৎক্ষণিকভাবে এই তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স