ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন। বিমানবন্দর এলাকায় এসে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িতে তার স্ত্রী, ডা. জুবাইদা রহমানও ছিলেন।

এসময় বিমানবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে তারেক রহমান প্রিয় নেত্রীর মুখ দেখার সুযোগ করে দেন নেতাকর্মীদের।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা আগেই খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এদিকে, খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে সরাসরি পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী ‘লন্ডন ক্লিনিক’-এ নেওয়া হয়েছে, যেখানে তার চিকিৎসা শুরু হবে। পরবর্তীতে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালে আরও উন্নত চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

এর আগে, বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এছাড়া, যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান এবং বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তবে, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা বিমানবন্দরে ২.৫ ঘণ্টা বিরতি দিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করে। কাতার থেকে যাত্রার আগে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।