ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপি অফিসসহ চার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার ২০নং আন্ডার চর ইউনিয়নের জামালের মোড় এলাকায় গভীর রাতে স্থানীয় বিএনপি অফিসসহ চারটি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে মালামালসহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা জামালের মোড়ে অবস্থিত বিএনপির ক্লাবসহ মোট চারটি দোকানে অগ্নিসংযোগ করে। এ সময় দোকানের পাশে থাকা মসজিদের ইমাম আগুনের লেলিহান দেখে দোকানের মালিকদের ফোন দিলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব ক’টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রয়েছে- আবু তাহেরের মুদি দোকান, খালেকের চা দোকান, মিজানুর রহমানের ওষুধ ফার্মেসি ও স্থানীয় বিএনপি অফিস।

ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, দোকানের এই ব্যবসা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন। এই অগ্নিসংযোগ বৈদ্যুতিক সার্কিট থেকে হয়নি। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন তারা।

২০নং আন্ডার চর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মাঝি বলেন, আব্দুল ওহাব ও তার ভাইদের সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তারই জের ধরে তারা আমাদের বিএনপির ক্লাব ও দোকানপাটে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।