ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জানুয়ারি) বিকালে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
জরুরি তলবে পররাষ্ট্র স‌চিব মো. জসীম উদ্দীনের দফতরে হাজির হন প্রণয় ভার্মা। পররাষ্ট্র স‌চিবের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা শেষে তিনি বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনের জন্যই বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতামূলক মনোভাব ভারত আশা করে বলে জানিয়েছেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত।
চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ রয়েছে।