মাদারীপুরের সদর উপজেলার ঝিকরহাটি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এনামুল দর্জিকে (৪২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরপর তার দেওয়া তথ্যে কয়েকটি স্থান থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এই অভিযান চালায় মাদারীপুর ডিবি পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে প্রেস রিলিজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ওসি কে এম রাকিবুল হুদা।
ডিবি’র ওই প্রেস রিলিজে জানা যায়, দীর্ঘদিন জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিল এনামুল দর্জি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরহাটিতে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে এনামুলকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের ৩ সদস্য শফিক দর্জি (৩৫), সুমন দর্জি (৩৫), ইমরান দর্জি (২০) পালিয়ে যায়।
আটককৃত এনামুলের তথ্যমতে বাড়ি ও বাড়ির আশেপাশে থেকে মোট ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আসামি এনামুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের ধরার চেষ্টা চলছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।