ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে তিন বখাটে আটক

কুষ্টিয়ার কুমারখালীতে একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করায় তিন বখাটেকে পুলিশে সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বখাটে সোহান পারভেজ শুভ (১৮) মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের ‘হিজড়া’ বলে ট্রল করে, এরপর তার দুই সহপাঠী রাকিব হোসেন (১৮) ও সোহাগ হোসেন (১৮) আসলে তারা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে, তিন বখাটেকে আটক করে পুলিশে পাঠানো হয়।

এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, তারা মাঠে বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই শুভ তাদের উত্যক্ত করে। তারা বলেন, “আমরা বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযুক্ত শুভ দাবি করেন, তিনি ভোটার তালিকা সংক্রান্ত কাজে সহকারী শিক্ষক শহিদুল ইসলামের কাছে কিছু কাগজপত্র জমা দিতে গিয়েছিলেন এবং ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম জানান, শুভ বিদ্যালয়ে ঢুকে অসাধু আচরণ শুরু করে এবং পরে তার দুই সহপাঠী এসে উত্তেজনা সৃষ্টি করলে তাদের আটক করা হয়।

এদিকে, কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ নিশ্চিত করেছেন যে, তিন বখাটেকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।