নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় সংসদের আসনের সীমানা নির্ধারণে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। এই তিনটি বিষয় হলো- ভৌগোলিক আয়তন, এলাকার অবস্থা ও অবস্থান, এবং সর্বশেষ জনশুমারি প্রতিবেদন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সানাউল্লাহ বলেন, বর্তমান নির্বাচনী সীমানা নির্ধারণ আইন-২০২১ এর কিছু অসুবিধা রয়েছে, বিশেষ করে জনসংখ্যা কেন্দ্রিক সীমানা নির্ধারণের পদ্ধতির কারণে শহরমুখী জনসংখ্যার কারণে কিছু আসন বাড়ছে, কিন্তু অন্য অঞ্চলের আসন কমে যাচ্ছে। কমিশন এ সমস্যার সমাধান হিসেবে ভৌগোলিক আয়তন এবং অবস্থা-অবস্থান বিবেচনায় সীমানা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
তিনি আরও জানান, আইনটির একটি উপধারায় টাইপিং মিস্টেক থাকায় কমিশন সংশোধন প্রস্তাব করবে। এছাড়া, এ পর্যন্ত ৪১টি সংসদীয় আসনে মোট ২৪৮টি সীমানা সংক্রান্ত আবেদন জমা পড়েছে, যার বেশিরভাগই আগের সীমানা পুনর্বহালের জন্য। এসব আবেদন কমিশন পর্যালোচনা করছে এবং সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।
আগামী নির্বাচন কমিশন নতুন সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শিগগিরই শেষ করবে, তবে এর মধ্যে অনেক রাজনৈতিক দল ২০০৮ সালের পূর্ববর্তী সীমানার প্রতি ফিরিয়ে আনতে দাবি জানিয়েছে।