ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবি শিক্ষার্থীদের আল্টিমেটাম: ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের রবীন্দ্র ভবন-৩ এর সামনে মানববন্ধন ও অবরোধ কর্মসূচির পর তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী রায়হান উদ্দিন ও মুমিন উদ্দিন বলেন, “২০ জানুয়ারি থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি এবং এখন পর্যন্ত শিক্ষক-কর্মচারী, শাহজাদপুরের অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।”

তিনি জানান, ২৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিপিপি অনুমোদিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ কারণে আন্দোলন আপাতত স্থগিত রাখা হলেও ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রি একনেক-এ ডিপিপি অনুমোদন ও একনেক-এ পাঠানোর দাবি জানানো হয়েছে। অন্যথায়, তারা কঠোর কর্মসূচি, এমনকি সচিবালয় ঘেরাও করারও ঘোষণা দেন।

শিক্ষার্থীরা আরও জানান, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস অত্যন্ত জরুরি, যেখানে তারা তাদের শিক্ষাজীবন সুষ্ঠু ও আনন্দময়ভাবে কাটাতে পারে। বর্তমানে তারা ভাড়া করা কলেজ ও পার্টি সেন্টারে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, যা তাদের সৃজনশীলতার বিকাশে বাধা সৃষ্টি করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার বলেন, “২৯ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন শীর্ষক প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫৯৯৫০ লাখ টাকা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং ডিপিপি অনুমোদন প্রক্রিয়া চলছে। আশা করছি, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হবে।”