বাংলাদেশের উন্নয়ন বাজেটে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ভারতের কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ সরকার। সিএ প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বেসামরিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১.০৭ শতাংশ সহায়তা দিয়েছে, যা ১৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলারের সমান। এটি পুরো জাতীয় বাজেটের মাত্র ০.১৮ শতাংশ।
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে জানা গেছে, ইউএসএইডের সহায়তার পরিমাণ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর তুলনায় অনেক কম। জাপানের জাইকা, বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের উন্নয়ন খাতে বড় ভূমিকা পালন করছে।
এ বিষয়ে সিএ প্রেস উইং আরও দাবি করেছে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো মার্কিন সহায়তার তুলনায় অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তার পরিমাণ সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে, যা শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের মতো অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।