নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় চর জুবিলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাদাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে চর জুবিলীর উত্তর কচ্ছপিয়া এলাকায় ইউসুফ মেম্বার বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম মোহাম্মদ আরমান (১৭), তিনি সৈকত সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানান, আরমান হোসেন সকাল ১১টার দিকে বাদাম গাছের ডালপালা কাটার জন্য গাছে ওঠেন। এক পর্যায়ে গাছের ডালে পা রাখতে গিয়ে তিনি পড়ে যান, ফলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। বাড়ির লোকজন দ্রুত তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মিজানুর রহমান আরমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।