জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আমরা অতীতের ভুলগুলো নিয়ে আলোচনা করতে চাই না। তবে যারা মানুষ খুন ও গুম করেছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। এই পদক্ষেপ প্রতিশোধের জন্য নয়, বরং মানব সমাজকে কলঙ্কমুক্ত করার উদ্দেশ্যে।’’
তিনি আরও বলেন, ‘‘বিগত ১৭ বছরে অগণিত নিপীড়ন সহ্য করার পরও আমরা শান্তি বজায় রেখেছি। আমরা দেশের জনগণকে ভালোবাসি এবং আমাদের কর্মীরা কোনোভাবেই বালুমহাল, জলমহাল, হাট-বাজার, স্ট্যান্ড বা ফুটপাত দখলে জড়িত নয়। আমাদের কর্মীরা চাঁদাবাজি বা অন্য কোনো অবৈধ কাজে লিপ্ত নয়, কারণ তারা জানে এগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এসব অপকর্ম কখনোই মিলবে না। তবে যদি কেউ ভুলবশত এই কাজে যুক্ত হয়ে থাকে, তারা শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে তা পরিহার করবে।’’
শনিবার সুনামগঞ্জ শহরের বালুরমাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা জামায়াত এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ অন্যরা।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দল্লাহ ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম।