শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে সরকার অবহিত রয়েছে। ঢাকা শহরের ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের জন্য ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এবং তিতুমীর কলেজের বিষয়টি এতে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’’
এতে আরও জানানো হয়, ‘‘ইতোমধ্যে কমিটি তিতুমীর কলেজসহ অন্যান্য কলেজগুলোর শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। শিক্ষার মানোন্নয়ন এবং সুবিধার বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য, এবং এর জন্য সকল সম্ভাব্য বিকল্প পর্যালোচনা করা হচ্ছে। তবে, এই প্রক্রিয়ায় আন্দোলন করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যৌক্তিক নয়, তাই আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে।’’
বিবৃতিতে শেষের দিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি ও সমস্যা সমাধানে সরকার সবসময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে।’’