ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রকৌশলী মিনহাজ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের একদল কর্মীর হামলায় কুপিয়ে হত্যা করা হয় মিনহাজকে। এ ঘটনায় শনিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বাসিন্দা ও মিনহাজের পরিবার। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি। মিনহাজের বাবা রফিকুল ইসলাম কেন্দ্রীয় ওলামা দলের সাধারণ সম্পাদক। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন এবং জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী মিনহাজ কদমতলি সাদ্দাম মার্কেটের তুষারধারা এলাকায় স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বসবাস করতেন।
মানববন্ধনে মিনহাজের বাবা রফিকুল ইসলাম বলেন, “আমার ছেলে কী দোষ করেছে? কেন তাকে এভাবে হত্যা করা হলো? আমরা প্রশাসনের কাছে বিচার চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” অশ্রুসিক্ত কণ্ঠে মিনহাজের মা বলেন, “আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। তারা যেন ফাঁসির দড়িতে ঝুলে। আমার বউমা পাঁচ মাসের গর্ভবতী। এই অনাগত শিশুকে আমরা কী জবাব দেব?”
মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন আরহান সরকার মাহফুজ ওরফে কিং মাহফুজ, শাওন, সাইফুল, সৌরভ কাজী, আলফাজ, শাহিন রহমান শুভ, জাকির হোসেন ইকবাল, রাসেল, ইব্রাহিমসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের তরফ থেকে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রেফতার না হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। মিনহাজের পরিবার ও এলাকাবাসী আশা করছেন, দ্রুতই হত্যাকারীদের গ্রেফতার করা হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।