ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের সঙ্গে অভিমান, কলেজ ছাত্রীর মর্মান্তিক আত্মহত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে তাসমিয়া আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের মধ্য মহেষপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তাসমিয়ার মা তাকে বকাঝকা করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে সে ঘরের ব্যালকুনির দরজা ভেতর থেকে আটকে দিয়ে ভেন্টিলেটরের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাসমিয়া সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং মহেষপুর গ্রামের শাহাবুদ্দিন খান শুক্কুরের মেয়ে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং রবিবার (২ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।