চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে সদর মডেল থানা পুলিশের একটি দল আটক করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, অ্যাডভোকেট জহিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শনিবার চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সাধারণ সভায় উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সভায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করায় চাঁদপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেনকে লাঞ্ছিত করেন তিনি। এ সময় জহিরুল ইসলাম উত্তেজিত হয়ে কর্মকর্তার দিকে তেড়ে যান এবং সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এছাড়া, চাঁদপুর শহরের ফয়াসাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনায় চলতি বছরের ৪ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এদিকে, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামের স্ত্রী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন।
চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে এই গ্রেপ্তার নিয়ে নানা আলোচনা চলছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।