দেশব্যাপী চলমান সংস্কার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয়, তাহলে তা জাতীয় সংকটের জন্ম দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘যত বেশি সময় সংস্কার আলোচনায় ব্যয় হবে, তত বেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে, তবে সংস্কার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা তাদের জন্য আবারও সুযোগ সৃষ্টি করতে পারে। তাই যারা সংস্কারের পক্ষে মত দিচ্ছেন, তাদের কাছে আমার আহ্বান, দয়া করে এই আলোচনাকে দীর্ঘায়িত করবেন না।’
তিনি আরও বলেন, ‘সংস্কার বাস্তবায়নের জন্য সবার আগে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই জনগণের রায় আসবে এবং যাদেরকে নির্বাচিত করা হবে, তারাই সংস্কার কার্যক্রম শুরু করবে। সংস্কারের পরিকল্পনা যত দেরিতে বাস্তবায়ন হবে, দেশের সংকট তত গভীর হবে।’
তিনি উল্লেখ করেন, ‘সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হলে একটি মাত্র পথ রয়েছে—স্বচ্ছ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন। বিএনপির প্রস্তাবিত সংস্কার উদ্যোগ কিংবা অন্তবর্তীকালীন সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে অবিলম্বে নির্বাচন সম্পন্ন করতে হবে।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের কর্মশালা থেকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, জনগণ আমাদের যদি দায়িত্ব প্রদান করে, তাহলে আমরা যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি, তা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করব।’
শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. ন. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মশালায় বিএনপির ২৪টি থানা ও ১১টি অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।