বহুল আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ৮ বছর পূর্ণ হলো আজ। এই উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে শিমুলের পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা নানা কর্মসূচি পালন করেন।
সোমবার সকালে, প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ পরিধান, শিমুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, প্রতিবাদ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, সহ-সভাপতি রাসেল সরকার, সাংবাদিক আবুল কাশেম, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন এবং প্রয়াত শিমুলের স্ত্রী নুরুন্নাহারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
বক্তারা স্মরণ করিয়ে দেন যে, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শাহজাদপুরে গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার প্রতিনিধি শিমুল। পরদিন তিনি মারা যান।
তারা আরও জানান, শিমুলের স্ত্রী দায়ের করা মামলায় ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও, আট বছর পার হয়ে গেলেও মামলার বিচার শুরু হয়নি। আসামিদের আবেদনের কারণে মামলাটি রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে স্থগিত রয়েছে। গণমাধ্যমকর্মী ও নিহতের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।