ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যায় স্বামীকে মৃত্যুদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ আদালত অন্তঃসত্ত্বা স্ত্রী মনি আক্তারকে হত্যা করার দায়ে তার স্বামী মো. সুমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

জানা যায়, চার বছর আগে মনি আক্তারের সাথে বিয়ে করেন সুমন। তবে এর আগেও তার একাধিক বিয়ে ছিল, যা সে গোপন রাখে। বিয়ের পর থেকে সুমন তার স্ত্রীর উপর যৌতুকের দাবিতে নির্যাতন চালাতো। মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা দেওয়ার পরও নির্যাতন থামেনি। ২০২১ সালের ৩১ অক্টোবর, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মনি আক্তারকে তার পৈতৃক বাড়ি নিয়ে গিয়ে টাকা না পেয়ে আবারও ঝগড়ায় জড়িয়ে পড়েন সুমন। এরপর কালিকুঞ্জ এলাকায় তাকে নির্মমভাবে মারধর করে এবং মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। ২৬ দিন পর, ২৫ নভেম্বর মনি আক্তার মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ২০২১ সালের ২৭ নভেম্বর মনি আক্তারের ভাই মো. আব্বাস বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালে সুমনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর এই রায় প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, সুমনের বিরুদ্ধে তার স্ত্রীর এবং গর্ভজাত সন্তানের হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।