ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা, ১১ ইটভাটা বন্ধ

পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় বিশেষ মোবাইল কোর্ট অভিযানে দেশের বিভিন্ন জেলায় বায়ুদূষণ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানে মোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১১টি ইটভাটা বন্ধ করা হয়েছে।

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় এ অভিযান পরিচালিত হয়। ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, পাশাপাশি ১১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। খুলনায় চারটি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

ঢাকা মহানগরের জুরাইনে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ছয়জন চালককে সতর্ক করা হয়।

এছাড়া, আদাবর ও মোহাম্মদপুরে নির্মাণকাজের জন্য বায়ুদূষণের অভিযোগে অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মিরপুর-১ কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের জন্য পাঁচটি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।