ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান দ্রুত পারমাণবিক বোমা তৈরির নতুন পদ্ধতিতে এগোচ্ছে: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে, ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির নতুন পদ্ধতির সন্ধানে কাজ করছে, যা তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মার্কিন বা ইসরায়েলি সামরিক পদক্ষেপ থেকে রক্ষা করতে সহায়ক হতে পারে।

মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে, তেহরানে একটি গোপন বিজ্ঞানী দল নির্ধারিত হয়েছে যারা পারমাণবিক বোমা তৈরির দ্রুততর পদ্ধতি উদ্ভাবন করার জন্য কাজ করছে। যদিও এই নতুন পদ্ধতির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এটি সমৃদ্ধ পারমাণবিক জ্বালানি ব্যবহার করে “দ্রুত, এমনকি অশোধিত পদ্ধতি” হিসেবে বর্ণনা করা হয়েছে।

গোয়েন্দারা বলছেন, ইরান এমন শর্টকাট খুঁজছে যা তাদের কয়েক মাসের মধ্যে পারমাণবিক উপাদানকে কার্যকরী অস্ত্রে পরিণত করতে সহায়ক হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়, ইরান ইতোমধ্যে চারটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করেছে।

এদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে থাকলেও আঞ্চলিক পরিবর্তনের কারণে দেশটি দ্রুত এই পথে এগিয়ে যেতে বাধ্য হচ্ছে, বিশেষত সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে হিজবুল্লাহর দুর্বলতা ইরানকে আরো দ্রুত এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছে।