বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করতে কানাডার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলাপ করেন তিনি।
প্রধান উপদেষ্টা কানাডীয় হাইকমিশনারকে বলেন, ‘বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে, যার একটি অংশ কানাডায় চলে এসেছে, এবং এই অর্থের মধ্যে টরন্টোর বিখ্যাত ‘বেগমপাড়া’য় সম্পদ কেনার ঘটনাও রয়েছে।’ তিনি আরও জানান, এই অবৈধ অর্থের পুনরুদ্ধারে কানাডার সহায়তা প্রয়োজন।
এ সময়, হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ সরকারের সহায়তার প্রস্তাবের প্রতি কানাডার সমর্থন জানিয়ে বলেন, তাদের কাছে একটি ‘প্রক্রিয়া’ রয়েছে যার মাধ্যমে তারা পাচার হওয়া অর্থ আটকে রাখতে পারেন। তিনি গণতন্ত্রে উত্তরণে বাংলাদেশের সংস্কার উদ্যোগেও কানাডার সমর্থন প্রকাশ করেন।
এছাড়াও, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে এবং শিগগিরই বাংলাদেশ সফরের জন্য কানাডার এক মন্ত্রী আসবেন বলে জানান হাইকমিশনার।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, বর্তমানে অনেক বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছেন, তাই ঢাকায় কানাডার ভিসা অফিস স্থাপনের প্রস্তাব করেন তিনি।
বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।