ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শেখ মুজিবের ম্যূরাল ভাঙচুর

নারায়ণগঞ্জে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর মহানগর বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ভাঙচুর করেন। এ ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্ব দেন।

প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বড় ম্যূরালটি ভাঙচুর করা হয়, এরপর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আরেকটি ম্যূরাল এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে থাকা প্রতিকৃতিটি ভাঙচুর করা হয়। শেষপর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণারও ক্ষতিগ্রস্ত হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম খান এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর বারী ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এই শহরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রতীকগুলো উচ্ছেদ করা হবে, এবং সেখানে শহীদ নারায়ণগঞ্জবাসীদের নাম সম্বলিত একটি তালিকা স্থাপন করা হবে।”

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, “এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের প্রতিনিধিত্ব করে। এগুলো শহরের চেতনা ও ২০২৪ সালের গণ-আন্দোলনকে কলুষিত করছে। ভবিষ্যতে সকল স্বৈরাচারের প্রতীক এভাবেই উচ্ছেদ করা হবে।”