ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মালবাহী নৌকা ডুবে ৩ বছরের শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি মালবাহী নৌকা ডুবে ৩ বছরের শিশু রিয়াদ নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা, বিউটি বেগম গুরুতর আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর নৌকার মাঝি আতিক মিয়া পলাতক রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর নৌকাঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রিয়াদ উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আতিক মাঝি প্রতিদিন সদরের চাল বাজার থেকে উরখুলিয়া নৌকায় মালামাল পরিবহন করেন। বৃহস্পতিবার দুপুরে একটি মালবাহী নৌকা, যেটিতে ২ শতাধিক বস্তা সিমেন্টসহ অন্যান্য মালামাল ছিল, নবীনগর নৌকাঘাট থেকে উরখুলিয়া যাওয়ার জন্য রওনা হয়। নৌকা ছাড়ার সময় হঠাৎ করে ডুবে যায়। দ্রুত সময়ের মধ্যে স্থানীয়রা শিশুটির মা বিউটি বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিছুক্ষণ পর শিশু রিয়াদ নদীতে ভেসে উঠলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা জানান, অতিরিক্ত মালামাল বোঝাই হওয়ার কারণে নৌকাটি ডুবতে পারে।

নিহত শিশুটির নানা, মো. হেলিম মিয়া বলেন, “আমার মেয়ে ও নাতিকে নিয়ে বাজারে এসেছিলাম। বাজার শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে আমার নাতি মারা যায়।”

নবীনগর হাসপাতালের চিকিৎসক, ডা. নাফিছা জানান, “দুর্ঘটনায় দুইজন রোগী আমাদের কাছে এসেছিলেন। মা জীবিত আছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তবে শিশু বাচ্চাটি মৃত অবস্থায় আসেন।”

ফায়ার ব্যাটালিয়নের কর্মকর্তা, আব্দুল জব্বর বলেন, “৯৯৯ এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টার মধ্যে নৌকাটি উদ্ধার করা হয়।”

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অতিরিক্ত মালামাল থাকায় নৌকাটি ডুবেছে এবং এতে এক শিশু নিহত হয়েছে।