ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

কুষ্টিয়ার কুমারখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে একদল দুর্বৃত্ত। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং মুহূর্তের মধ্যে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে আসা ৮-১০ জন ডাকাত শর্টগানসহ আগ্নেয়াস্ত্র নিয়ে বালুরঘাটে হানা দেয়। তারা অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রায় দেড় লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা প্রথমে বালুরঘাটে ঢুকে ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে একটি ড্রয়ার থেকে প্রায় এক লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন লুট করে। পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ী তরুণ কাজীর কাছ থেকে ৩০ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর জিলাপীতলা মোড়ে আরও ৭-৮ রাউন্ড গুলি ছুড়ে মহাসড়ক হয়ে দ্রুত কুমারখালী শহরের দিকে পালিয়ে যায়।

সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশের এই এলাকায় নদী থেকে বালু উত্তোলনের কাজ চলে। ইজারাদারের কার্যালয়ের দেয়ালে গুলির চিহ্নও লক্ষ্য করা গেছে।

মুদি দোকানদার আব্দুল জলিল জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বালুরঘাটে গুলি ছোড়ার পর জিলাপীতলা মোড়ে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে চলে যায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বালুরঘাট ইজারাদারের ব্যবস্থাপক এনামুল হোসেন জানান, ডাকাতরা হেলমেট পরে এসেছিল এবং তাদের হাতে শর্টগান ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে তারা ড্রয়ারে থাকা প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ওষুধ ব্যবসায়ী তরুণ কাজীর মা পারুল খাতুন বলেন, “আমার ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে তার পকেটে থাকা ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে যায়। আমরা রাতেই থানায় বিষয়টি জানিয়েছি।”

এলাকাবাসীর দাবি, এলাকায় এমন ঘটনা এর আগে ঘটেনি। অনেকেই আতঙ্কে রাতভর ঘুমাতে পারেননি। নিরাপত্তা জোরদার করতে পুলিশের টহল বাড়ানোর আহ্বান জানান তারা।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।