স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘ডেভিল হান্ট অপারেশন’ চলবে যতদিন না সমাজ থেকে অপরাধ নির্মূল হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডেভিল মানে শয়তান। যারা অপরাধী, তারা আইনের আওতায় আসবেই—এখানে বড় বা ছোট অপরাধীর কোনো ভেদাভেদ নেই।”
‘অভিযানে বড় অপরাধীরা ধরা পড়ছে না’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপারেশন শুরু হওয়ার পর প্রথম দিনেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। কাজেই, কোনো অপরাধীই রেহাই পাবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও আশ্বাস দেন যে অভিযানে নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না, এ জন্য যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আইনগত সহায়তা পাবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনি সহায়তা শুধু আমাদের পক্ষ থেকে নয়, লিগ্যাল এইড ডিপার্টমেন্ট থেকেও পাওয়া যাবে।”
একই সঙ্গে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের বিষয়ে তিনি স্পষ্ট করেন, “দোষী প্রমাণিত হলে চাকরিতে ফেরার সুযোগ নেই। তবে নির্দোষ হলে তা আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।”
এ সময় ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে ছড়ানো গুজবের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় বাংলাদেশি সাংবাদিকদের প্রশংসা করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তারা (ভারতীয় সংবাদমাধ্যম) মিথ্যা তথ্য প্রচার করেছে, কিন্তু আপনারা প্রকৃত সত্য তুলে ধরেছেন। এর ফলে পার্শ্ববর্তী দেশ আগের মতো গুজব ছড়াতে পারছে না।”