ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১২টি পরিবারের প্রায় ১ কোটি টাকার ক্ষতি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রম্মোত্তর পশ্চিমপাড়ায় সোমবার রাতে (১০ ফেব্রুয়ারি) ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের ৩৩টি খড়ের কাঁচা ও সেমিপাকা ঘরসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। রাত সাড়ে ৮টার দিকে সাইদুল ইসলামের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যে আশেপাশের অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পরিবারের সদস্যরা নিজেদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন।

বাড়ির মধ্যে থাকা নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, গবাদি পশু, হাঁস-মুরগি, ধান-চাল সহ সকল কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। আহত কয়েকজনের মধ্যে গুরুতর অবস্থায় ইসমততারা লতাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করা হচ্ছে। ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

সৈয়দপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২০টি কম্বল বিতরণ করেন। এছাড়া, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর ব্যক্তিগত উদ্যোগে লুঙ্গি, শাড়ি এবং ছোটদের পোষাক বিতরণ করেন।

ইউএনও সিদ্দিকী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং খুব শিগগিরই সরকারিভাবে সাহায্য প্রদান করা হবে।