ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 অক্টোবরের মধ্যে গণহত্যার মামলার রায় আসবে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে জুলাই মাসের হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর, জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া, প্রসিকিউশন অফিস বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করেছে, যার মধ্যে চলতি মাসেই চারটি মামলার তদন্ত শেষ হবে।

আসিফ নজরুল বলেন, তদন্ত শেষে এসব মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে এবং তিন সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ঈদের পর থেকে বিচারকাজ শুরু হবে এবং অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার রায় ঘোষণা হবে।

তিনি আরও বলেন, এই মামলাগুলোর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতারা এবং শীর্ষ পুলিশ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সাধারণ আদালতের রায়ের তুলনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।