টাঙ্গাইলের পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগে একজন মাংস ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।
জানা গেছে, বেড়াডোমা এলাকায় এক গরু মারা যাওয়ার পর, গরুর মালিক বাছের খার মরদেহটি পাশেই ফেলে রেখে রাতভর পাহারা দেন। পরবর্তী সময়ে ভোরবেলা, তিনজন মিলে গরুর চামড়া ছড়িয়ে রিকশায় করে বাজারে নিয়ে এসে বিক্রি করছিল।
ঘটনার খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বিষয়টি তদন্ত করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা মাংস ব্যবসায়ী দিলু মিয়াকে পালাতে দেখেন, তবে তার সহযোগী নুরু মিয়ার ছেলে আনোয়ারকে আটক করা হয়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, জেলা ইন্সপেক্টর মমতা নজরুল ইসলাম এবং ইন্সপেক্টর সোহেল রানা।