ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকালে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ওই পোস্টে বলা হয়, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা আজ রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পর শহীদ মিনার থেকে কফিন মিছিল বের হবে, যাতে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানানো হবে।

এছাড়া সারাদেশে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ কাশেমের গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিল অনুষ্ঠিত হবে, যা স্থানীয়ভাবে নির্ধারিত সময়ে পালন করা হবে।

গাজীপুরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় গত ৮ ফেব্রুয়ারি আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন আবুল কাশেম। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

কাশেমের মৃত্যুতে শোক জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন, “গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ।”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, করতে হবে!”