কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে আলেম-ওলামাদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেয়া হয়, তাদের মাইক কেড়ে নেয়া হয়, এবং আলেমদের জেলে ঢোকানো হয়।”
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। হাসনাত আবদুল্লাহ আরো বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক ব্যক্তি তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন, আর দুর্নীতি, হানাহানি, গুম, এবং হত্যা থাকবে না।”
এসময় তিনি রাষ্ট্র, প্রশাসন এবং পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “কোনো বাহিনী আমাদের জীবন যাত্রা ঠিক করতে পারবে না, যতক্ষণ না আমরা নিজেদের পরিবর্তন করি।”
তাছাড়া, তিনি সমাজে ঘুষ এবং সুদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে বলেন, “আপনারা ঘুষ থেকে দূরে থাকুন, কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। তদবির কোনো ভালো কাজ নয়। ক্ষমতাশালী কাউকে বিশেষ সুবিধা পাওয়ার জন্য তদবির করা অপরাধ।”
মাহফিলে আরও বক্তব্য রাখেন মাও. আবুল কালাম আজাদ বাসার, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, মু. সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।