ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের সত্য প্রচারকরা ধর্ম ব্যবসায়ী নন: ড. মিজানুর রহমান আজহারী

প্রখ্যাত ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, বাংলাদেশের প্রকৃত পরিচয় ইসলাম। যারা ইসলাম ও কুরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নন। আলেমদের বিরুদ্ধে দাঁড়ানো বা আলেম বিদ্বেষ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটি করলে দুনিয়া ও আখেরাত উভয়ই ধ্বংস হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে সতর্ক থাকতে হবে।

শনিবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে লাখো তৌহিদী জনতার উদ্দেশে পবিত্র কুরআনের সূরা আহযাবের ৩৫ নম্বর আয়াতের তাফসিরকালে তিনি এ কথা বলেন। ড. আজহারী বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিম নারী ও পুরুষের দশটি গুণের কথা উল্লেখ করেছেন। প্রথম গুণ হলো, আল্লাহ মুসলিম নারী ও পুরুষকে পছন্দ করেন। যারা নিজেদের মুসলিম বলে দাবি করেন, তাদের জন্য আল্লাহর আদেশ মান্য করা অপরিহার্য। আল্লাহর বিধানের সামনে মুমিনদের কোনো নিজস্ব বিধান থাকে না। মুসলিম হওয়ার অর্থই হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।

শতবর্ষী আলেমে দ্বীন হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন প্রমুখ। মাহফিলে বয়ান করেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শাইখ শাহ ওয়ালী উল্লাহ, বেতার ও টেলিভিশনের তাফসিরকারক শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার প্রমুখ।

ড. আজহারী বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানা যাবে না। ইসলামকে যারা মাটির নিচে পুঁতে রাখতে চায়, তারা ইসলামের প্রকৃত শক্তি সম্পর্কে অজ্ঞ। ইসলাম হলো একটি চারা গাছের মতো, যা মাটিতে গেড়ে দিলে তা আকাশের দিকে বেড়ে ওঠে। তিনি আরও বলেন, বিশ্বাস ছাড়া জগতের কোনো কিছুই টিকে থাকতে পারে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য সবই বিশ্বাসের ওপর নির্ভরশীল। বিশ্বাসীরা টিকে থাকার কারণেই আল্লাহ পৃথিবীকে ধ্বংস করেন না।

তিনি ঈমানের গুরুত্ব তুলে ধরে বলেন, ঈমান হলো সফলতার মাপকাঠি। যার হৃদয়ে ঈমান আছে, সেই সফল। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই। তিনি মিথ্যা বলাকে মহাপাপ হিসেবে উল্লেখ করে বলেন, মোবাইল ফোনের কারণে মিথ্যা বলার প্রবণতা বেড়েছে। আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায়।

ড. আজহারী আরও বলেন, ধৈর্য্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন। বিপদে ধৈর্য্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। তিনি বলেন, আমাদেরকে মৌলবাদী ও রাজাকার বলে গালি দেওয়া হয়। কিন্তু আমরা দেশপ্রেমিক, ইসলাম ও জনগণের কথা বলি। যারা ইসলামের সত্য কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নন। আলেমদের বিরুদ্ধে দাঁড়ানো থেকে বিরত থাকুন। আলেমদের পক্ষে থাকলে আল্লাহ জীবনকে আলোকিত করেন। আলেম বিদ্বেষী হলে দুনিয়া ও আখেরাত উভয়ই ধ্বংস হয়ে যাবে।

মাহফিলে প্রায় দশ লাখ মানুষের সমাগম ঘটে। সার্কিট হাউস মাঠসহ আশপাশের সড়ক ও পার্কগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। মাহফিল সফল করতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দল, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী তৎপর ছিল। মাঠে ২২টি এলইডি পর্দা, তিনটি মেডিক্যাল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা করা হয়। মাহফিলে বিপুল সংখ্যক নারীর উপস্থিতিও লক্ষণীয় ছিল।

ড. আজহারী তাঁর বক্তব্য শেষে দোয়া করেন এবং মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।