গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ঢাকা দিল্লিকে চিঠি পাঠিয়েছে, তবে ভারত সরকার ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি।
গেলো সপ্তাহে, পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে পাঠিয়েছে। যদিও এই বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিভিন্ন সময়ে দেশটির রাজনৈতিক নেতারা প্রশ্ন তুলেছেন যে, শেখ হাসিনা কী ধরনের স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন।
এদিকে, ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ-ইস্ট’ শীর্ষক একটি জরিপ চালিয়েছে, যেখানে উত্তর-পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মাঝে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে মতামত জানাতে বলা হয়।
জরিপে ৩৭.৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, “শেখ হাসিনা ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া সঠিক।” তবে ৫৫ শতাংশ নাগরিক মনে করেন, “বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত।” অন্যদিকে, ১৬ শতাংশের মতে, “তার বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে।”
এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ নাগরিক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।