বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সৌদি আরবের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল-আইবান উপস্থিত ছিলেন।
এই বৈঠককে ইউক্রেন যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আলোচনার মাধ্যমে দুই পক্ষ সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।
তবে আলোচনায় অংশ নেয়নি ইউক্রেন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকে তাদের অনুমতি ছাড়া কোনো শান্তি চুক্তি সম্পাদন সম্ভব নয়।
এই আলোচনাকে ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আরব নিউজ, রয়টার্স