ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ, নেতার মুক্তির দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের উদ্যোগে শহরের কাউতলী মোড় থেকে একটি মিছিল বের হয়। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা জামায়াতের আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য নজরুল ইসলাম খাদেম। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, মানবকল্যাণ সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইটি সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান ও ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি হাসান মাহমুদ।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। তারা দাবি করেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এই নেতার মুক্তি ও দলীয় নিবন্ধন পুনর্বহালের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।