ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে ৩ লাখ টাকা ছিনতাই

মাদারীপুরের শিবচর পৌর শহরে স্কোপোলামিন, যাকে ‘শয়তানের নিঃশ্বাস’ বলা হয়, তা ব্যবহার করে লাকি আক্তার (২৫) নামে এক নারীর কাছ থেকে কৌশলে নগদ তিন লাখ টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং ইসলামী ব্যাংকের চেক বই ছিনতাই করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাকি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্না তলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, লাকি আক্তার সকালে নিজ বাড়ি থেকে ভাসুর কামালের অ্যাকাউন্টে টাকা জমা দিতে তিন লাখ টাকা নিয়ে ইসলামী ব্যাংক শিবচর শাখায় যান। ব্যাংকের সিঁড়িতে মোবাইলে কথা বলতে বলতে উঠার সময় এক অচেনা নারী তার কাছে একটি কাগজ দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চান। কাগজটি দেখতে গেলে সেই নারীর কৌশলে কাগজের পেছন থেকে স্কোপোলামিন লাকির নাকে ছিটিয়ে দেওয়া হয়। এরপর লাকি আক্তার মানসিকভাবে প্রতারকের নিয়ন্ত্রণে চলে যান এবং তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও চেক বই হস্তান্তর করেন।

এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম) জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে তাদের ধরতে পুলিশ কাজ করছে।”

আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে বলে জানিয়েছে।