ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে র‍্যাব পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পুনর্গঠনের প্রয়োজন হলে নতুন কাঠামোতে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “র‍্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি নিয়ে আরও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “এটি এখনও চূড়ান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান।