আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, স্বৈরাচার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন আসামির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের প্রতিবেদনও এই মামলার সঙ্গে যুক্ত করে আদালতে জমা দেওয়া হবে।
মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী ও অন্যান্য আসামিদের হাজির করে শুনানির সময় তিনি এ তথ্য জানান। আদালতে হাজির করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডা. দীপু মনি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আদালতে হাজির হন।
আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও দুই মাস সময় বাড়িয়ে আগামী ২০ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেন। আদালত এসময় ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ারও নির্দেশ দেন।
এদিকে, শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী জেড আই খান পান্না আদালতে বিচারকদের “মাই লর্ড” সম্বোধন না করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা মেনে নেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার জানান, তিনি শুরু থেকেই এই শব্দ ব্যবহারে নিরুৎসাহিত করেছেন। তিনি এটিকে ঔপনিবেশিক শব্দ হিসেবে উল্লেখ করেন।