ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১১ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার নিয়মাবলি:

  • পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে।
  • ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
  • ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট হবে।
  • পরীক্ষার কোনো অংশের মধ্যে বিরতি থাকবে না, নিরবচ্ছিন্নভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষার সময়সূচি:

  • সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার জন্য সকাল ৯:৩০টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে।
  • সকাল ১০টায় বহুনির্বাচনী পরীক্ষা শুরু হবে, যা ১০:৩০টায় শেষ হবে এবং এরপর সৃজনশীল পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হবে।
  • দুপুর ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১:৩০টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে।
  • দুপুর ২টায় বহুনির্বাচনী পরীক্ষা শুরু হবে, যা ২:৩০টায় শেষ হবে এবং এরপর সৃজনশীল পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:

  • প্রবেশপত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
  • উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
  • মার্জিনের মধ্যে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।
  • পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • পরীক্ষার কেন্দ্র নিজ কলেজে হবে না; পরীক্ষার্থীদের স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে।
  • সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।

সকল পরীক্ষার্থীকে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।