ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল-ছাত্রশিবির সংঘাত: দ্রুত সমাধানের আহ্বান ড. আসিফ নজরুলের

সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এই দুই ছাত্র সংগঠনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ ধরনের সংঘাতকে ভবিষ্যতের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন। তিনি এই বিরোধ দ্রুত মেটাতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সিনিয়র নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আওয়ামী লীগের শাসনামলে দলীয় সংঘর্ষে প্রশাসন সবসময় লিগের পক্ষ নিতো, ফলে প্রতিপক্ষ সহজেই পিছিয়ে যেত। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। প্রশাসনের একক নিয়ন্ত্রণ নেই, ফলে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি হলে কেউ সহজে পিছু হটবে না। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ বাড়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতি সত্যিই হতাশাজনক। আমি কখনো ভয় পাইনি, সবসময় যেকোনো চ্যালেঞ্জকে গ্রহণ করেছি। কিন্তু যখন দেখি আমার সহযোদ্ধারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সত্যিই আতঙ্কিত হই।”

ড. আসিফ নজরুল মনে করেন, উভয় সংগঠনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তিনি বলেন, “ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক ইঙ্গিত বহন করছে। এই উত্তেজনা দ্রুত নিরসন করা জরুরি। সংশ্লিষ্ট সংগঠনের সিনিয়রদের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।”

তিনি আরও বলেন, “আমরা সবাই একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে নির্যাতন সহ্য করেছি। এখন নিজেদের মধ্যে লড়াই কখনোই মঙ্গলজনক হতে পারে না। আল্লাহ আমাদের সঠিক বোধ-বিবেচনা দান করুন।”