ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েটে রাজনীতি নিষিদ্ধ, সংঘর্ষের পর পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। পাশাপাশি, গতকালের সংঘর্ষের প্রকৃত দোষীদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠনসহ আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনলাইনে অনুষ্ঠিত কুয়েট সিন্ডিকেটের ৯৮তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

সভায় জানানো হয়, ২০২৪ সালের ৮ আগস্ট কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি, রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের জন্য আজীবন বহিষ্কারসহ ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। সংঘর্ষের প্রকৃত দোষী শিক্ষার্থীদের চিহ্নিত করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম (সভাপতি), শহিদ স্মৃতি হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ এবং সহকারী পরিচালক (ছাত্রকল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহ (সচিব)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, খুলনা বিভাগের কমিশনারের তত্ত্বাবধানে ক্যাম্পাস এবং এর আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংঘর্ষে আহত সকল শিক্ষার্থীর চিকিৎসা ব্যয়ের দায়িত্বও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, প্রশাসন কর্তৃক দাবি আদায়ের জন্য কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, “আমাদের দাবি পূরণ না হলে, আমরা আরো কঠোর কর্মসূচি নেবো।”

এছাড়া, দুপুর ১২টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এর পর তারা খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কুয়েটে হামলা ও উসকানিতে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।