ইতালির সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি বাংলাদেশি কর্মীদের দীর্ঘমেয়াদী ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এটি দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন সম্পর্ক উন্নয়নের প্রতিফলন এবং ইতালির প্রতিশ্রুতি।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের সময় তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময়, বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসীদের সমস্যাগুলো মোকাবিলায় যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উপমন্ত্রী ত্রিপোদি ১৯৭২ সাল থেকে বাংলাদেশ ও ইতালির মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর সন্তোষ প্রকাশ করেন, বিশেষত টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, বাংলাদেশ ও ইতালির বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে পররাষ্ট্র উপদেষ্টা কৃষি খাতে ইতালির অধিক বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার বিশেষত বিডা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করে বাংলাদেশে উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।
উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে ইতালির সহায়তার কথাও পুনর্ব্যক্ত করেন এবং মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগে সমর্থন জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তনই এই সমস্যার স্থায়ী সমাধান।
ত্রিপোদি দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন এবং এটি বাংলাদেশের নতুন সরকারের পর EU-র মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।