আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে অনুষ্ঠিত ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ৪৩ জন ডিসিকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়েছে। তবে যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।”
সচিব জানান, বৃহস্পতিবার ২২ জন সাবেক ডিসির বাধ্যতামূলক অবসরের আদেশ জারি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের ব্যাপারে নানা বিতর্ক রয়েছে। কেউ এগুলোকে অগ্রহণযোগ্য বলে, কেউ বলে ‘দিনের ভোট রাতে’ হয়েছে। ওই তিনটি নির্বাচনে রিটার্নিং অফিসারদের সহযোগিতায় সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকতে পেরেছে, যা বর্তমান পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী।”
তিনি আরও বলেন, “তৎকালীন ডিসিরা বড় ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। কেউই প্রতিবাদ করেননি, কেউই দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। বরং সক্রিয়ভাবে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।”
এই সিদ্ধান্ত প্রশাসনে আলোচনার জন্ম দিয়েছে এবং এর রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব নিয়ে নানা বিশ্লেষণ চলছে।