ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের ঘোষণা: আজহারুল ইসলামের মুক্তি না দিলে আদালতে স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, দলের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কারাগার থেকে মুক্তি না দিলে তিনি আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বার্তায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, “প্রিয় দলীয় সহকর্মী ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।”

তিনি আরও বলেন, “তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন। সময়মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।”

শফিকুর রহমানের এই ঘোষণায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজহারুল ইসলামের মুক্তির দাবি আরও জোরদার হয়েছে। তিনি সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।