অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী, উদ্যোমী এবং সৃজনশীল।
বৃহস্পতিবার একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব মন্তব্য করেন। ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও দলকে এ পদক প্রদান করা হয়।
ড. ইউনূস বলেন, “আমি আজ অত্যন্ত অভিভূত। জাতির কৃতী সন্তানদের সম্মান জানাতে পেরে আমাদের সবাই আনন্দিত। বিশেষ করে নারী ফুটবল দল আমাদের দেশকে সম্মানিত করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অগাধ।”
তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে, যা আমাদের নতুন বাংলাদেশ গঠনের সুযোগ এনে দিয়েছে।
একুশে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই দিনটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এটি আমাদের স্বাধিকার চেতনার এক মাইলফলক।”
ড. ইউনূস বলেন, “আজকের তরুণ প্রজন্ম অতীতের যেকোনো প্রজন্মের চেয়ে অনেক বেশি সাহসী ও উদ্ভাবনী। তারা শুধু নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে না, বরং এক নতুন পৃথিবী সৃষ্টি করার আত্মবিশ্বাসও রাখে।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরো বলেন, তরুণরা এখন এক নতুন সভ্যতা গড়তে চায়, যেখানে পৃথিবীর সব সম্পদে সমান অধিকার নিশ্চিত হবে, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের সুযোগ থাকবে। নতুন সভ্যতার লক্ষ্য হবে, পৃথিবীর অস্তিত্ব রক্ষায় সব মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটানো।