অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “আমরা এসেছি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে। যদি অন্তর্বর্তী সরকার পরাজিত হয়, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শুধু গণতন্ত্রই নয়, মানুষ তাদের মৌলিক অধিকারও হারাবে, এবং তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে।”
বৃহস্পতিবার ময়মনসিংহের সিলভার ক্যাসেল মিলনায়তনে অনুষ্ঠিত একটি দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি দেশের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার, পরিবেশ ও আইন প্রয়োগের গুরুত্ব তুলে ধরে আয়োজন করা হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহানুল আলম, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম এবং পুলিশ সুপার কাজী আখতার উল আলম। স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “আমরা একটি নতুন ইতিহাস রচনা করতে এসেছি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের ঋণ পরিশোধ করতে চাই।”
তিনি আরও বলেন, “যদি আমরা এই যাত্রায় ব্যর্থ হই, তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং মানুষের মৌলিক অধিকার সংকুচিত হয়ে যাবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করব।”
কর্মশালায় ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিচারক, আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।