চরমোনাই মাহফিল থেকে চুরি করা ৬৪টি মোবাইল ফোনসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে পটুয়খালী জেলার গলাচিপা উপজেলার নাজমুল হাসান আনোয়ার (৩২), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ওমর ফারুক (৩৬), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মো. ওমর (৩০), নওগাঁ জেলার সাপাহারের আসাদুজ্জামান (২৮) এবং গোপালগঞ্জের সদর থানার মো. বরকত (৩০) রয়েছেন। পুলিশের দাবি, তারা বিভিন্ন গণজমায়েত স্থান থেকে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী চুরির চক্রের সদস্য।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নগরীর ফলপট্রি এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালান। সেখানে একটি কক্ষ থেকে ৬৪টি মোবাইল ফোনসহ পাঁচ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলো বেশিরভাগ চরমোনাই মাহফিলে আসা মুসুল্লিদের বলে আটককৃতরা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, “এই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত গণজমায়েতগুলোতে গিয়ে মোবাইলসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে। চরমোনাই মাহফিলে চুরি করতে আসার সময় তারা হোটেল চন্দ্রদ্বীপের দুটি কক্ষ ভাড়া নিয়েছিল।”
এদিকে, পুলিশ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের সন্ধানও শুরু করেছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।